মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায়দের আর্থিক সহায়তা প্রদান

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগরীর সিএমপির সদরঘাট থানাধীন মাঝির ঘাট এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ। কোরবানির পশুর চামড়া বিক্রি এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উদ্বৃত্ত অর্থ থেকে সমাজের অসহায় ও সাধারণ মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (ট্রাফিক) মো. লিয়াকত আলী খান, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সমাজসেবা কার্যালয়ের মো. আলমগীর এবং মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বাবুল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সচেতনতা ও আর্থিক সহায়তা কমিটির আহ্বায়ক হাজী নুরুল আমিন এবং সামাজিক সচেতনতা ও সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ ফরিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, মাদক ও ছিনতাই প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *