মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
৫৩ জন মাঠকর্মীর হাতে তুলে দেওয়া হলো মোবাইল ট্যাব
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে মাতামুহুরী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতামুহুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মাতামুহুরী উপজেলার বাছাইকৃত ও নিবন্ধিত ৫৩ জন নারী-পুরুষ তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেকের কাজের সুবিধার্থে মোবাইল ট্যাব ডিভাইসও বিতরণ করা হয়।
গত রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুতি আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকেরা।