মাদক ও চাঁদাবাজির মামলায় ছদ্মবেশী নুরুল হাকিম গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার দীর্ঘদিনের পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানা-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল হাকিম কচুবনিয়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাদক পাচার, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মাদক মামলায় তিনি প্রায় ১৪ বছর ধরে পলাতক ছিলেন বলে জানা যায়। এ সময় প্রশাসনের চোখ ফাঁকি দিতে তিনি ছদ্মবেশ ধারণ করে এলাকায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

টেকনাফ মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় এসআই তাপস ও এএসআই মানষের নেতৃত্বে টেকনাফ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “নুরুল হাকিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও টেকনাফের বড়ইতুলি এলাকায় পাঞ্জাবির ভিতরে করে পাচারকালে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও মানবপাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *