মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ওরফে ফতেসহ শুভ হত্যায় গ্রেফতার ৪

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান তিন আসামিকে গ্রেফতারের পর, এবার এই চাঞ্চল্যকর মামলার মূল পরিকল্পনাকারী ও ৩০টিরও বেশি মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ওরফে ফতেসহ (৬৫) মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ঘটনার বিবরণ ও রহস্য উদঘাটন

গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছন থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় শ্রী শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা (নং-০৮, তাং-০৫/০৯/২০২৬) দায়ের করেন।

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় নবাগত পুলিশ সুপার জনাব হাবিবুর রহমানের নির্দেশে ডিবির একটি টিম ছায়াতদন্ত শুরু করে। ইতিপূর্বে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে, যাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সুমন নামে অপর আসামির ৫ দিনের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে নরসিংদী থেকে ধিমন নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ অভিযান ও গ্রেফতারকৃতরা

এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর সাড়ে চারটায় ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ফাতেমা বেগমসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—

ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫): স্বামী- ইসলাম (মাদক সম্রাজ্ঞী ও প্রধান আসামি)।

শাওন (২৭): পিতা- ইসলাম।

মোঃ বিশু (২৬): পিতা- মৃত কদম আলী, মাতা- খাদিজা বেগম (উভয় সাং- আমলাপাড়া ও বন্দর, নারায়ণগঞ্জ)।

ইসলাম (৭০): পিতা- মৃত আবুল মিয়া, সাং- আমলাপাড়া কেবিসাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বক্তাবলী ঘাটের পাশে ফাতেমার কেনা ৫ শতক জমি থেকে একটি মামলার জামিনের শর্তে নিহত শুভ ৩ শতক জমি নিয়েছিল। পরবর্তীতে ফাতেমার বাসায় মাদকবিরোধী পুলিশি অভিযানের জন্য শুভকে সন্দেহ করা হয় এবং সেই আক্রোশ থেকেই তাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আসামি বিশুর রিকশা চালনার সনদপত্র ও রেজিস্টার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *