মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিএও ও আইসিজেতে ইরানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যাহত ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল হওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) পৃথক নালিশ দাখিলের কথা জানিয়েছে দেশটি।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ)-র বরাতে জানা গেছে, বেসামরিক বিমান চলাচল খাতে নিজেদের অধিকার রক্ষা এবং যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মোকাবিলায় আইসিএওতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছে ইরান।

কানাডার মন্ট্রিয়লে অবস্থিত আইসিএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের বিভিন্ন মান, নিরাপত্তা ও পরিচালনাসংক্রান্ত বিষয় সমন্বয় করে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আবুজর শিরুদি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান খাতের অধিকার রক্ষায় আইসিএওতে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতেও পৃথক নালিশ দাখিল করা হয়েছে।

ইরানের অভিযোগ, সম্প্রতি মার্কিন প্রশাসন দেশটির বিমান চলাচল খাতের ওপর নতুন করে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিমান পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখলে ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব নিষেধাজ্ঞার প্রভাবে দেশটির একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এ পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচলের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *