মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানাহ টিঙ্গি লজিং এলাকার একটি সবজি ক্ষেতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর গ্রামের বাড়ি বা ঠিকানা প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) কে-নাইন ইউনিটের ‘ফ্রাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুরের দেওয়া সংকেতের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়।
গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, ট্র্যাকার কুকুরের কাছ থেকে সুনির্দিষ্ট সংকেত পাওয়ার পর স্কেভেটর দিয়ে ওই এলাকায় খননকাজ শুরু করা হয়। একপর্যায়ে মাটির নিচ থেকে ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ২০ জন ফায়ার সার্ভিস সদস্য, স্টর্ম টিম এবং কে-নাইন ইউনিটের তিনটি কুকুরের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাটির নিচে চাপা পড়ার পর থেকে ফাহাদ হোসেন নিখোঁজ ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর ট্র্যাকার কুকুরের সংকেতের ভিত্তিতে তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।