মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি ছেলে তান শ্রী মোখজানি মাহাথির নিশ্চিত করেছেন।

সিতি হাসমাহ ছিলেন মালয়েশিয়ার অন্যতম পরিচিত নারী চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের জীবনসঙ্গী হিসেবেও পরিচিত ছিলেন।

মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয় সিঙ্গাপুরে মেডিকেল শিক্ষাজীবনে। চলতি বছরের আগস্টে তাঁরা ৭০তম বিবাহবার্ষিকী পালন করেন। তাঁদের সাত সন্তান রয়েছে।

চিকিৎসা পেশায়ও সিতি হাসমাহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি কেদাহ রাজ্যে প্রথম নারী মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ জনস্বাস্থ্য বিষয়ে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুর পর মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানিয়েছেন।

মাহাথির মোহাম্মদের কার্যালয় জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সিতি হাসমাহর জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *