সঞ্জিত বনিক, মীরসরাই প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই আন্দোলনের তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে আলোচনা করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, মীরসরাই প্রেসক্লাবের প্রতিনিধি আনোয়ার হোসেন এবং জুলাই ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীরজাদা সোহেল।
বক্তারা বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার সংস্কৃতির অবসান এবং দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।