মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শটগানের কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি সদর উপজেলার মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে। পুলিশ তাঁকে মোল্লাকান্দি এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বাগেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল অভিযান চালায়। বাগেশ্বর এলাকার ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাদ্দাম মাঝির দখল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের দুটি গুলি, শটগানের ২০টি কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *