স্পোর্টস ডেস্ক:
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগদানের পর থেকেই একের পর এক শিরোপা জিতছে আমেরিকান ক্লাবটি। তিন বছরে তাদের শোকেসে উঠল চতুর্থ ট্রফি। ক্লাবটির জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার ১০০তম গোলের দিনে মায়ামি ২-০ ব্যবধানে ক্রুজ আজুলকে হারিয়েছে। মেক্সিকোর লিগা এমএক্সজয়ী ক্লাবটিকে হারিয়ে মায়ামি জিতেছে ক্যাম্পেওনেস কাপ।
শিরোপা জয়ের পর বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বাংলায় ফেসবুক পোস্ট করেছে ইন্টার মায়ামি। মেসিদের একাধিক ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়া হয়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টার পর ইন্টার মায়ামির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। এতে মোট ১০টি ছবি সংযুক্ত করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’ সঙ্গে দেওয়া হয়েছে ট্রফির ইমোজি।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই লিগজয়ী দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে। মায়ামি বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে স্বাগতিকদের চাপে রেখেছিল ক্রুজ আজুল। তবে মেক্সিকান দলটির ফিনিশিং ব্যর্থতার বিপরীতে মেসি ও ক্যাসেমিরোর একটি করে গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তার ১০০তম গোল। কাকতালীয়ভাবে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির প্রথম গোলও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।
ক্যাম্পেওনেস কাপের ম্যাচে ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে মায়ামির ব্যবধান ২-০ করেন ক্যাসেমিরো।
মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার তিন বছর পর ক্লাবটি জিতল আরও একটি ট্রফি। ২০২৩ সালে লিগস কাপ জেতার পর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবার সেই ট্রফির তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ।