মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রধারী ডাকাতদল মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিংয়ের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
তাজউদ্দিন আহম্মদ পিকিং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বাঞ্চল-এর মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মে দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ৪ জন মুখোশধারী ডাকাত বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে রামদা, ছুরি ও ধারালো অস্ত্র ছিল।
ঘরে ঢুকেই ডাকাতরা তাজউদ্দিন আহম্মদ পিকিং ও তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডাকাতরা নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন, ২ ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি এবং ৬ আনা ওজনের একটি স্বর্ণের আংটিসহ প্রায় ১৪ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী তাজউদ্দিন আহম্মদ পিকিং জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এবং পুরো পরিবারকে আতঙ্কিত করে তোলে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তিনি আরও জানান, ডাকাতির একপর্যায়ে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের মেশিন চালু হলে ডাকাতরা বাড়ির পূর্ব পাশের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।