সততা ও দৃঢ়তায় দায়িত্ব পালন করছেন যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন

এ এম এম আহসান:

রাজধানীর ত্রাবাড়ী মৎস্য আড়তে অবৈধভাবে মাছের রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় এনেছে পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম জহির। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে কিছু অসাধু মাছ ব্যবসায়ী মাছের তাজা ভাব দেখানোর জন্য কৃত্রিম ও ক্ষতিকর রং ব্যবহার করে আসছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন বিষয়টি নজরে আনার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনি রং মেশানো মাছসহ ব্যবসায়ী জহিরকে আটক করে থানায় নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে কোতোয়ালি ডিভিশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসআই আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাছের রং মেশানো একটি গুরুতর অপরাধ, যা সরাসরি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তারা অবৈধ ও ভেজাল খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ভেজাল ও অবৈধ খাদ্য ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *