যানজটমুক্ত আধুনিক কুমিল্লা গড়ার রূপরেখা নিয়ে সেমিনার, চা-চক্রে মিলিত হলেন প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ

মোঃআনজার শাহ

কুমিল্লার যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল উপস্থাপনা সেমিনার। এতে তুলে ধরা হয় প্রস্তাবিত বিকল্প সড়কের এলাইনমেন্ট এবং এএইচকে স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি সংক্রান্ত পরিকল্পনা।

নগর পরিকল্পনার নানা দিক উঠে এল ভিজ্যুয়াল উপস্থাপনায়
সেমিনারে কুমিল্লার ভবিষ্যৎ নগর পরিকল্পনা, বিকল্প যোগাযোগব্যবস্থা এবং শিক্ষা ও আবাসনভিত্তিক নগরায়ণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভিজ্যুয়াল উপস্থাপনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা কুমিল্লার ক্রমবর্ধমান যানজট নিরসন এবং একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কুমিল্লা ক্লাবে চা-চক্রে প্রতিমন্ত্রী
সেমিনার শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাবি কুমিল্লা ক্লাবে আয়োজিত চা-চক্রে অংশগ্রহণ করেন। এই চা-চক্রে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা ওয়াসার দায়িত্বপ্রাপ্ত ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ার প্রত্যয়
চা-চক্রে কুমিল্লার যানজট নিরসন, নগর অবকাঠামোর উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সমন্বিত উদ্যোগ কুমিল্লাকে একটি পরিকল্পিত, যানজটমুক্ত ও আধুনিক নগরে রূপান্তরের পথ সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *