যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওমর ফারুক কাওসারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) কাকরাইল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার।

মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

শোভাযাত্রায় ওমর ফারুক কাওসার বলেন, দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশের স্বার্থবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

যুবদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে ওমর ফারুক কাওসার বলেন, নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, মনির খান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সাবেক সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির যুবসংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *