মোঃ আনজার শাহ
আজকের তরুণরাই আগামী দিনে দল ও দেশকে এগিয়ে নেবে, তাই এখন থেকেই তাদের সৎ, সাহসী, জ্ঞানী ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, কারও ভবিষ্যৎ নষ্ট করার জন্য নয়।
কুমিল্লা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় তিন দশক ধরে তিনি দলের সঙ্গে যুক্ত। কিন্তু রাজনীতিতে আসার সময় তাঁকে কেউ এমন কর্মশালা বা সেমিনারের মাধ্যমে শেখায়নি; যা শিখেছেন, নিজের চেষ্টাতেই শিখেছেন। তাই তরুণ নেতা-কর্মীদের জন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি। আয়োজনের মূল উদ্যোক্তা, যুক্তরাষ্ট্রপ্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দলের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নিজের অর্থ খরচ করে দেশে ছুটে আসেন। কুমিল্লা ছাত্রদলের নেতাদেরও তিনি ধন্যবাদ জানান।
তরুণ প্রজন্মের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় পরিচয়, ইতিহাস, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক দর্শন, সংবিধান ও জাতীয় দায়িত্ব সম্পর্কে জানা জরুরি। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও তথ্যপ্রযুক্তিতেও দক্ষতা অর্জন করতে হবে।
বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি অধ্যায়ে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দেন এবং ১৯৭৫-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। কৃষিতে সবুজ বিপ্লব, জনশক্তি রপ্তানি, গার্মেন্টস ও শিল্প উৎপাদনের মাধ্যমে তিনি অর্থনীতিতে গতি আনেন এবং উন্নত ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তি রচনা করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের সবচেয়ে বড় শক্তি এর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি; ‘সবার আগে বাংলাদেশ’ই এ আদর্শের মূল ভিত্তি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার পাশাপাশি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করেন।
জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে বিএনপির রাজনীতির মৌলিক ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, জবাবদিহি, সুশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি জানান।
ভালো নেতার গুণাবলি প্রসঙ্গে তিনি বলেন, সততা, সাহস, জ্ঞান ও দায়িত্ববোধ থাকতে হবে; অন্যের কথা শুনতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ছাত্রদের অধিকার রক্ষা, পড়াশোনার ভালো পরিবেশ নিশ্চিত করা ও সমাজের কল্যাণে কাজ করা। ছাত্রদল নেতা-কর্মীদের নিয়মিত পড়াশোনা, দক্ষতা বৃদ্ধি ও ভিন্নমতের মানুষকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির কারণে কোনো শিক্ষার্থী যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
দ্রুত বদলে যাওয়া বিশ্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কম্পিউটার ও নতুন প্রযুক্তি কাজের ধরন বদলে দিচ্ছে। তাই তরুণদের বিজ্ঞান, কম্পিউটার ও নতুন প্রযুক্তি শিখতে হবে। তরুণরা শুধু চাকরি খুঁজবে না, নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে। এ ছাড়া খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বই পড়া ও বিতর্কে আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা, বৃক্ষরোপণ এবং বন্যা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
কুমিল্লাকে ‘পুরোনো ও সম্ভাবনাময় জনপদ’ উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, জেলার উন্নয়নে ছাত্রদল নেতা-কর্মীরা সবার আগে এগিয়ে আসবে। তরুণরা সুশিক্ষিত, দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠলেই আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে বলে মন্তব্য করে তিনি ছাত্রদলের এই আয়োজনের সফলতা কামনা করেন।