নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
এদিকে, দৈনিক স্বাধীন সংবাদ পরিবার রাজশাহীতে সাংবাদিকদের ওপর সংঘটিত এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। দৈনিক স্বাধীন সংবাদ পরিবারের পক্ষ থেকে বলা হয়, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা।
বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।