মোঃআনজার শাহ
রাজশাহী অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, চলমান প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
আগামী ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহী সফরকালে তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, গণপূর্ত বিভাগের চলমান উন্নয়নকাজ পরিদর্শন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত প্রকল্প ঘুরে দেখবেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৮ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম দিনে প্রকল্প উদ্বোধন
সফরসূচি অনুযায়ী,
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবন্দরে উপস্থিতির পর বিকেল ৫টা ২০ মিনিটে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে সড়কপথে রাজশাহী সার্কিট হাউসে যাবেন মন্ত্রী। সন্ধ্যা ৭টায় সেখানে উপস্থিতির পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী গণপূর্ত বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এ সভায় রাজশাহী অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে।
প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
এরপর দুপুর ১২টায় গণপূর্ত বিভাগ, রাজশাহীর চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। বেলা ১টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে।
সরকারি সফরসূচিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে চলমান কাজের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনার সুযোগ তৈরি হবে। সরকার পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন নিশ্চিতে কাজ করছে বলে গণপূর্তমন্ত্রী আগেও জানিয়েছেন।
রাজশাহী থেকে ঢাকায় ফেরা
বুধবার দুপুর ২টায় রাজশাহী থেকে মন্ত্রী মধুখ্য বিরতিতে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিটে সড়কপথে রাজশাহী সার্কিট হাউস থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর রাত ৭টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে সড়কপথে গুলশানের বাসভবনের উদ্দেশে যাত্রা এবং রাত ৯টায় সেখানে উপস্থিতির মধ্য দিয়ে সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়
সরকারি সফরসূচির সঙ্গে সংযুক্ত নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন, পুলিশ, গণপূর্ত অধিদপ্তর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
মন্ত্রী সফরকালে যাতে নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যথাসময়ে পাঠানো এবং পরিবর্তন হলে তা জানানোর বিধানও রয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সফর রাজশাহী অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।