রাবার শ্রমিক অপহরণের মূল হোতা দস্যু মিজানুর গ্রেফতার

মো. রাসেল:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ৬ রাবার শ্রমিক অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গত ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মিজানুর নাইক্ষ্যংছড়ির মৃত আহমদ হোসেনের ছেলে এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি।

উল্লেখ্য, গত ৩ জুলাই বাইশারীর আলীক্ষ্যংয়ের বড়ইঝিরি রাবার বাগান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। ঘটনার পর থেকেই র‌্যাব-১৫ আভিযানিক তৎপরতা জোরদার করে।

এ বিষয়ে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) জানান, “পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপহরণ ও দস্যুতার মতো অপরাধ দমনে র‌্যাব সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নিখুঁত ও সফল অভিযান চালিয়ে মূল হোতা মিজানুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পার্বত্য অঞ্চলে অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *