রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু, কোয়ারেন্টাইনে প্রায় ২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুটস্কে প্লেগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এ ঘটনায় ওই নারীর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মৃত নারীর নাম দরিয়া শিপিলোভা। তার বয়স ২৮ বছর। তিনি ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

‘পিপল অব বৈকাল’ নামের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি পরীক্ষার নল ভেঙে যাওয়ার কারণে শিপিলোভা নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর কারণ ও সংক্রমণের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শিপিলোভার সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি। একই সঙ্গে এএফপি জানিয়েছে, তারা এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে রাশিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, প্রতিবেশী ইরকুটস্ক অঞ্চলের এক নারী ‘প্লেগে মারা গেছেন’।

প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর একটি ধরন নিউমোনিক প্লেগ, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা শুরু করা না হলে প্রাণঘাতী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *