রেকর্ড গড়েও সন্তুষ্ট নন আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক

লিগে মৌসুমের সেরা শুরুর রেকর্ড স্পর্শ করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শনিবার হাল সিটির বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

ম্যাচের ৭২তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে জয় পায় আর্সেনাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এক গোলের ব্যবধানে এটি তাদের অষ্টম জয়। লিগে ১০ ম্যাচে নবম জয় তুলে নিয়ে মৌসুমের সেরা শুরুর রেকর্ড স্পর্শ করেছে দলটি। ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানেও রয়েছে তারা। পরে নটিংহ্যাম ফরেস্টের কাছে ম্যানচেস্টার সিটির হারের খবরও পেয়েছে দলটি।

তবে আন্তর্জাতিক বিরতির পর আরও উন্নতি করতে চান আর্তেতা। গোলের সামনে খেলোয়াড়দের আরও কার্যকর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, রক্ষণাত্মক দলের বিপক্ষে ‘নিখুঁত গোল’ করার চেষ্টা থেকে সরে এসে আক্রমণে আরও বাস্তববাদী হতে হবে।

আর্তেতা বলেন, ‘আমাদের আরও কার্যকর হতে হবে। গোলরক্ষকের বিপক্ষে আমরা একা হয়ে পড়ছি। আজ এমনটা দুইবার হয়েছে। একবার পেনাল্টি হয়েছে, আরেকবার বক্সের ভেতরে বল বাউন্স করছিল। অনেক শট প্রতিহত হয়েছে, ব্লক হয়েছে। আমাদের আরও কার্যকর হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। কখনো কখনো আরও বাস্তববাদী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যে আমার মনে হয়, আমরা রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে একটি নিখুঁত গোল করার চেষ্টা করছি। আমাদের এর চেয়ে অনেক বেশি বিশৃঙ্খল হতে হবে। আমার মনে হয়, আরও অনেক আগেই স্কোরলাইন বড় করা উচিত ছিল। কারণ, এতে খেলার গতিপথ বদলে যেত।’

ম্যাচে ব্যবধান বাড়ানোর মতো যথেষ্ট সুযোগ তৈরি হয়েছিল বলে মনে করেন আর্সেনাল কোচ। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত বারবার আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হয়েছে দলকে।

আর্তেতার ভাষায়, বক্সের ভেতরে ও আশপাশে ধারাবাহিকভাবে আক্রমণ এবং সুযোগ তৈরির মধ্য দিয়েই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *