Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের উখিয়ায় পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাকারিয়া প্রকাশ জকরিয়া (৩৭)। তিনি উখিয়া উপজেলার বাসিন্দা। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকা থেকে শিশু রহমত আলীকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। শিশুটির বাবা মো. জুনায়েদ এবং মা পারমিন আরা। অপহরণের পর শিশুটিকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করে অপহরণকারীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

শিশুটির জীবন নিয়ে আতঙ্কিত পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি না জানিয়ে নিজেদের উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে অপহরণকারীদের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

এরপর বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একাধিক আভিযানিক দল অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ অপহরণকারীদের অবস্থানের কাছাকাছি পৌঁছালে তারা বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সম্ভাব্যতা বিশ্লেষণ করে অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ২টার দিকে চক্রের মূলহোতা জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া শিশু রহমত আলীকে অপহরণের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং এলাকায় শিশু ও অন্যান্য ব্যক্তিকে অপহরণ করে জিম্মি করা এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

অপহরণচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশ ও বিশেষ গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশু রহমত আলী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *