লামায় “পর্যটন ও নিরাপত্তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত; ১৬টি উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “পর্যটন ও নিরাপত্তা, আমাদের করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লামা থানা কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পার্বত্য অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে।” তিনি পর্যটন ব্যবসায়ীদের আগত দর্শনার্থীদের সাথে সহযোগিতামূলক আচরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং হোটেল-মোটেল মালিকসহ পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে এক আনন্দঘন পরিবেশে লামা থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। সহকারী পুলিশ সুপার মাসুম সরদার ও অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সরাসরি তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়। হারানো ফোন ফিরে পেয়ে গ্রাহকরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, বক্তারা নিরাপদ পর্যটন নিশ্চিত করতে স্টেকহোল্ডারদের সচেতনতা এবং পুলিশ-জনতা সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *