চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
জানা গেছে, দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তল্লাশি চালান।
তল্লাশিতে ওই যাত্রীর পায়জামার বেল্টের অংশ ও অন্তর্বাসের ভেতর থেকে বিশেষভাবে লুকানো সোনার গহনা ও গলিত সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।