শিক্ষায় অবদান রাখা গুণীজনদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও সম্মাননা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, অ্যাগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্ব দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও বাস্তবভিত্তিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতিত্বের সঙ্গে কাজ করছেন, তাদেরও জাতীয় পর্যায়ে যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি আরও বলেন, পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নীতি দ্রুত প্রণয়ন করা দরকার।

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *