শুরু হলো ১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী “১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২৬”। বুধবার (১৭ জুন) গুলশানের জাতীয় শ্যূটিং কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ শুরু হয়েছে।” তিনি আরও যোগ করেন, ক্রীড়ার উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি আবদুস সালাম খান, সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের চ্যাম্পিয়নশিপে দেশের ৩২টি রাইফেল ও শ্যূটিং ক্লাবের মোট ২৪৮ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন ১২৪ জন পুরুষ শ্যূটার, ৮৬ জন মহিলা শ্যূটার এবং ৩৮ জন ক্লাব কর্মকর্তা। এছাড়া প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩০ জন প্রতিযোগিতা পরিচালনা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই চার দিনব্যাপী আয়োজন আগামী ২০ জুন ২০২৬ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *