সংঘাত নিরসনে পাকিস্তানের প্রশংসা গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক:

আঞ্চলিক সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াই এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাকিস্তান ও দেশটির সশস্ত্র বাহিনীর অবদানেরও প্রশংসা করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন গুতেরেস।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, জেনারেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী যুদ্ধে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাকিস্তান ও দেশটির সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান গুতেরেস। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অব্যাহত অঙ্গীকারের স্বীকৃতি দিয়ে আঞ্চলিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে দেশটির প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন তিনি।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, জম্মু ও কাশ্মীর বিরোধ, ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং আফগানিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয়।

আসিম মুনির বৈঠকে আন্তর্জাতিক শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাকিস্তানের অবদানের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহযোগিতা এগিয়ে নিতে গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আঞ্চলিক সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।

গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির পাশাপাশি সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদ সমঝোতা স্মারক, পরবর্তী যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো তৈরির পথ তৈরি হয়েছে।

পাকিস্তানের এই ভূমিকার জন্য দেশটির জনগণের গর্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গত দুই বছরের সদস্য হিসেবে পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

বিশ্বজুড়ে বিভাজন ও অবিশ্বাস বাড়ার প্রেক্ষাপটে বহুপাক্ষিকতা, সংলাপ, মধ্যস্থতা ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন গুতেরেস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে জাতিসংঘ থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

গুতেরেস বলেন, সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে এবং দেশটির হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের জনগণের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এবং উন্নত ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পের প্রশংসা করেন তিনি।

এর আগে ইসহাক দারের সঙ্গে বৈঠকেও ফিলিস্তিন, জম্মু ও কাশ্মীর, আফগানিস্তান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকে ইসহাক দার জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ও উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *