সবুজের বার্তা নিয়ে মাঠে ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার

 

বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ; পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

মোঃআনজার শাহ

প্রকৃতিকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়াই দেয় না, নির্মল বাতাস, পরিবেশের ভারসাম্য এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীও নিশ্চিত করে। সেই বার্তাই ছড়িয়ে দিতে কুমিল্লার বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সরকার।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে একটি বৃক্ষের চারা রোপণ করেন এবং উপস্থিতদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “আজ আমরা যে গাছটি রোপণ করছি, সেটিই আগামী দিনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। পরিবেশ রক্ষায় প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার দায়িত্ব নেওয়া।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বৃক্ষরোপণ কার্যক্রমকে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বরুড়া থানা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকারের এ উদ্যোগ তরুণদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন তারা।

সবুজের এই ক্ষুদ্র উদ্যোগ যেন ভবিষ্যতের জন্য বড় এক প্রতিশ্রুতি। একটি গাছ, একটি প্রাণ এই প্রত্যয়ে বরুড়ায় শুরু হওয়া বৃক্ষরোপণের এই বার্তা ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *