জে আই জুয়েল:
ঢাকা রাজধানীর সাঁতারকুলে ইউআইইউ বিশ্ববিদ্যালয় গেটের সামান্য সামনে উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল ও উইলসন স্কুল। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
পুকুরপাড়, দক্ষিণপাড়া, তালতলা, উত্তরপাড়া, পশ্চিম মাংশ, পূর্বাংশ, পাঁচখোলা, মেরুলখোলা, মগারদিয়া, পূর্ব পারদিয়া ও পশ্চিম পারদিয়া নিয়ে এই ওয়ার্ড গঠিত।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ
রহমত উল্লাহ কলেজ, উইলসন স্কুল ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। পাশাপাশি এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আফজাল বলেন, “আমি প্রতিদিন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই-আসি। কিন্তু এই সড়কে তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে হয়। ময়লার ভাগাড়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যার ফলে মাঝে মাঝে স্কুলে যথাসময়ে পৌঁছাতে দেরি হয়।”
উইলসন ইন্টারন্যাশনাল স্কুলের আরেক অভিভাবক ফারিয়া আক্তার বলেন, “সড়কের পাশে এভাবে ময়লার ভাগাড় রাখা ঠিক না। এর ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ বিষয়ে নজর দেওয়া উচিত।”
রহমত উল্লাহ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌ আক্তার বলেন, “সাঁতারকুল থেকে কলেজে যেতে হয় এই সড়ক দিয়েই। একদিকে সড়ক ভাঙাচোরা, সংস্কার নেই। তার ওপর রাস্তার পাশের ময়লার দুর্গন্ধে দূষিত বাতাস নিতে হচ্ছে। প্রতিদিনই এই ময়লার ভাগাড়ের সামনে দুর্ঘটনা ঘটছে।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার গাড়িচালক দুলাল হোসেন বলেন, “৪১ নম্বর ওয়ার্ডের পুরো এলাকার বর্জ্য এখানে জমা হয়। এখান থেকে দুটি ট্রাকে করে প্রতিদিন ময়লা গুদারাঘাটে নিয়ে যাই। সড়কের পাশের জমিটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় তারা ময়লার কন্টেইনার রাখতে রাজি না হওয়ায় সড়কের পাশেই ময়লা রাখা হয়।”
পরিচ্ছন্নতাকর্মী সাগর বলেন, “আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
আরেক পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিন বলেন, “সুপারভাইজারকে বারবার বলেছি, এই জায়গায় ময়লার ভাগাড় থাকলে সড়কের ওপর ময়লা রাখা সম্ভব না। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা বাবুল খন্দকার বলেন, “সপ্তাহখানেক আগেও ৫টি মোটরসাইকেল এখানে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এলাকার সংসদ সদস্যও ময়লার ভাগাড় পরিদর্শনে এসেছিলেন।”
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরের সঙ্গে শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্থানটির ছবি ও বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। পরে ছবি পাঠানোর পর তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।