নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, নিহত সাংবাদিক আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন, তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে তাঁরা জানতে পেরেছেন।
তিনি বলেন, গত শনিবার অপূর্ব নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজের প্রতিনিধি ও সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূর মুহাম্মদ জরিপ এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও সম্মানিত সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমুখ।