আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নের খেলার মাঠ সংস্কারের জন্য চেক বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত চরকা সমিতির পরিবারের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক বিতরণ ও প্রণোদনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে খেলার মাঠ সংস্কার ও উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকার দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে স্থানীয়ভাবে বিদ্যমান মাঠগুলো সংস্কার ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ সময় সাতকানিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের ভূমি রাজস্বের ১ শতাংশ খাত থেকে প্রতিটি ইউনিয়নে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত চরকা সমিতির সদস্য ও পরিবারের মাঝে নগদ অর্থসহ প্রণোদনা প্রদান করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি হলে তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। দ্রুত সংস্কারযোগ্য মাঠগুলোর সংস্কারকাজ সম্পন্ন করে সেগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।