দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে যুবদলের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই (শনিবার) দুপুরে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে। এছাড়া সংঘর্ষকারীরা ইউনিয়নের একজন গ্রাম পুলিশের ওপরও হামলা চালায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্ব যুবদলের একটি গ্রুপকে দেওয়া হয়েছিল। কিন্তু অপর একটি গ্রুপ এই অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং একপর্যায়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।
তবে ঘটনার বিষয়ে সাতকানিয়া সার্কেলের অফিসার আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি জানান, সংসদ সদস্য ত্রাণ দিতে আসলে সেখানে আওয়ামী লীগ সমর্থিত কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদকে উপস্থিত থাকতে দেখে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা স্লোগান দিতে দিতে সংঘর্ষে লিপ্ত হন। এতে কয়েকজন আহত হওয়ার খবর পেলেও গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। অন্যদিকে, কালিয়াইশ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে ৩ রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শুনেছি। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারা আমার ইউনিয়নের একজন গ্রাম পুলিশকেও মারধর করেছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর সাতকানিয়া থানা বিএনপির প্রতিষ্ঠাতা আফিল উদ্দীন আহমেদ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ৫ আগস্টের পর কিছু হাইব্রিড লোক যুবদল ও ছাত্রদল সেজে এলাকায় আগের মতো আধিপত্য বিস্তারের নোংরা কৌশলে মেতে উঠেছে। তিনি জানান লায়ন সেলিম উদ্দীনের অনুসারি অস্ত্রধারী রুবেল, মোস্তাক, সোহেল এই ঘটনা ঘটান। এদের কারণেই আজ এই পরিস্থিতি। আমার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে এই এলাকায় এমন অস্ত্রের রাজনীতি বা মারামারি দেখিনি।” তিনি অবিলম্বে এই “হাইব্রিড” নেতাদের চিহ্নিত করে তাদের অস্ত্রের রাজনীতি শুরুতেই কঠোর হস্তে দমন করার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।