সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু নিহত, আহত ২

আবদুল আজিজ:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফসান বিন সবুর (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসান বিন সবুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার জোশপাড়ার আব্দুস সবুর ও মর্জিনা আক্তার পপির ছেলে। আহতরা হলেন নিহত আফসানের বাবা আব্দুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি। তাদের গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে লোহাগাড়ামুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো উ-১২-০৩৪৮। সংঘর্ষের সময় সিএনজিতে যাত্রী হিসেবে থাকা আফসানসহ তিনজন হতাহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *