সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের কোনো জবাব না পাওয়ায় সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই আদেশে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আরিফুর রহমান মণ্ডল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে আরিফুর রহমান মণ্ডলকে যেদিন থেকে অনুপস্থিত, সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *