মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে বর্তমানে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ভূমি অফিস কার্যালয় খালি পড়ে আছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। খোঁজ নিয়ে জানা যায়, ভূমি সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহায়ক ফাতেমাকে সম্প্রতি বদলি করা হয়েছে। এর মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজারে এবং অফিস সহায়ক ফাতেমাকে বন্দরে বদলি করা হয়েছে।
বর্তমানে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রম স্থগিত রয়েছে। এসিল্যান্ড অফিসের নামজারি সহকারী জান্নাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ৪ মার্চ বুধবার সকাল ৯টায় যথাসময়ে অফিস খোলার কথা থাকলেও সে সময় কার্যালয় তালাবদ্ধ ছিল। পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ আকস্মিক পরিদর্শনে এসে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে এবং ভূমি অফিসের সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নিয়ে অফিসের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।