মো.ইসলাম উদ্দিন তালুকদার:
সিলেটে এক্সেল সিওর রিসোর্টের ব্যবস্থাপনা, চুক্তির শর্ত বাস্তবায়ন ও দায়িত্ব হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জিলুমিয়া। এ বিষয়ে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন।
মোহাম্মদ জিলুমিয়ার অভিযোগ, চুক্তির ভিত্তিতে রাহাত চৌধুরী মুন্না বর্তমানে রিসোর্টটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তবে তিনি চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ না করে জোরপূর্বক রিসোর্টটি দখলে রেখেছেন। একই সঙ্গে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চেয়ারম্যান।
জিলুমিয়ার আরও দাবি, রাহাত চৌধুরী মুন্না এখন পর্যন্ত কোনো মাসের ভাড়া পরিশোধ করেননি। পাশাপাশি রিসোর্ট পরিচালনার বিভিন্ন বিলও বকেয়া রেখেছেন।
চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি আলোচনায় থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মোহাম্মদ জিলুমিয়ার আশঙ্কা, দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে রিসোর্টের ব্যবস্থাপনা ও দখল বুঝিয়ে দেওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করেও রাহাত চৌধুরী মুন্নার কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তিনি।
চেয়ারম্যান বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই তাঁরা বিষয়টির শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধান চান। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ ও প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রত্যাশা করছেন তাঁরা।
মোহাম্মদ জিলুমিয়ার ভাষ্য, প্রতিষ্ঠানের সম্পদ, আর্থিক স্বার্থ ও ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা করাই তাঁদের মূল লক্ষ্য। অভিযোগটি যথাযথভাবে যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে রাহাত চৌধুরী মুন্নার বক্তব্য পাওয়া যায়নি।