সিস্টেম সংযুক্তকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিডার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান আরও সহজ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় ১৯ জানুয়ারি ২০২৬। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সিস্টেম সংযুক্ত করে বিনিয়োগ ও নাগরিক সেবা কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন জনাব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জনাব জীবন কৃষ্ণ সাহা রায়, মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন)।

এ সময় চুক্তির সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ এবং শ্রমণ মজুমদার রুদ্র, সহকারী প্রোগ্রামার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বিডার ওয়ান স্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্মের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুটি গুরুত্বপূর্ণ সেবা—ট্রেড লাইসেন্স প্রদানট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম সংযুক্ত করা হবে। ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা একক অ্যাকাউন্ট ব্যবহার করে একবারই প্রয়োজনীয় তথ্য প্রদান করে একাধিক সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং প্রশাসনিক জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে এটি একটি কার্যকর বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট সেবা বাস্তবায়নের লক্ষ্য পূরণে এ ধরনের উদ্যোগ একটি ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট মহল মনে করছে, নাসিক ও বিডার এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য সিটি কর্পোরেশন ও সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *