সীতাকুণ্ডে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়, তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষে যান।

তিনি আরও জানান, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলছে। কক্ষের ভেতরে একটি মইও পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ইমামের ব্যবহৃত কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে মসজিদে দায়িত্ব পালন করায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তার ব্যাপক পরিচিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *