মোহাম্মদ হোসেন হ্যাপী:
ডেমরা-নারায়ণগঞ্জ-ঢাকা অঞ্চলের গুরুত্বপূর্ণ জলাধার ডিএনডি খালের পাশে গড়ে ওঠা অবৈধ কলকারখানার বর্জ্যজনিত দূষণ রোধে করণীয় নির্ধারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন।
সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডিএনডি খাল নারায়ণগঞ্জের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের পানি দূষিত হলে শুধু পরিবেশ নয়, কৃষি, মৎস্যসম্পদ এবং জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তাই খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ কলকারখানা থেকে বর্জ্য ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের দ্রুত বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিল্প মালিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত তদারকি ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় পরিবেশ অধিদপ্তর, শিল্প পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কলকারখানা মালিকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ডিএনডি খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।