সীমান্তের অরক্ষিত এলাকায় দ্রুত বেড়া নির্মাণের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

অনলাইন ডেস্ক:

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানায় বিএসএফ।

১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের বিভিন্ন ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রবীণ কুমার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণসংক্রান্ত ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্তসীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন বিএসএফ মহাপরিচালক। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

আন্তসীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন প্রবীণ কুমার।

বিএসএফ মহাপরিচালক বলেন, ২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য বাস্তবায়নে বিএসএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *