Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সেচ পাম্পের ঘরে তরুণীর মরদেহ, হত্যার আশঙ্কা - দৈনিক স্বাধীন সংবাদ

সেচ পাম্পের ঘরে তরুণীর মরদেহ, হত্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুপসী আক্তার মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার সাইরুদ্দিন শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোপা আমন ধানের জমিতে পানি দেওয়ার জন্য এক কৃষক সেচ পাম্প চালু করতে ওই ঘরে যান। এ সময় তিনি ঘরের একটি চৌকির ওপর রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা পাশা বলেন, সকালে সেচ পাম্পের ঘরে এক তরুণীর মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি বিষয়টি দেখতে পান। তার ভাষ্য, তরুণীর মুখ দিয়ে রক্ত বের হওয়ার মতো দেখা যাচ্ছিল। মরদেহের পাশে মাটিতে একটি ওড়নাও পড়ে ছিল। ওই এলাকায় তরুণীর সাধারণত আসার কথা নয় বলে দাবি করে তিনি রাতে সেখানে এনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।

নিহতের বাবা সাইরুদ্দিন শেখ বলেন, কাজের কারণে তিনি জামালপুরে থাকেন। বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে বাড়িতে ফেরেন। রাত সাড়ে ১০টার দিকে মেয়ের খোঁজ নিয়ে তাকে বাড়িতে পাননি। রাত হয়ে যাওয়ায় তখন আর খোঁজাখুঁজি করেননি। পরে সকালে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান। তবে এ ঘটনায় কারও ওপর তার সন্দেহ নেই।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *