মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ফেরার পথে জহির ফকির (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির ফকিরের বাড়ি আড়াইহাজার উপজেলায় হলেও তিনি প্রায় ১৫ বছর ধরে মুন্সীগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসির দোকান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে জহির ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহ সদর হাসপাতালে: নিহত জহির ফকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পিপিএম জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।