আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দর দুটির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় বিমানবন্দর দুটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত কার্যপ্রণালি অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করেছে। যাত্রী, বিমানবন্দরকর্মী এবং দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারি বিবৃতিতে সরাসরি হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করা হয়নি। তবে এর আগে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাজান ও নাজরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনাসহ সৌদি আরবের একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে।
এদিকে, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগও করা হয়েছে।
গত কয়েক দিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটও দেশটির দিকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।