স্ট্রাগল ছাড়া জীবনে কিছু অর্জন করা সম্ভব না

স্বাধীন সংবাদ বিনোদন: 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও সংগীত—তিনটি ক্ষেত্রেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। তবে তার এই সফলতার পথ মোটেও সহজ ছিল না। দীর্ঘ সংগ্রাম, ধারাবাহিক পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি তারকাখ্যাতির আড়ালে থাকা জীবনের বাস্তবতা, মানসিক চাপ এবং প্রতিনিয়ত চলা সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেন।

নুসরাত ফারিয়া বলেন, “স্ট্রাগল ছাড়া জীবনে কিছু অর্জন করা সম্ভব না। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক পড়াশোনা করেও প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারে না। আমি নিজেও তেমনই একজন ছিলাম। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনোই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারিনি।”

তিনি আরও জানান, ছোটবেলায় তিনি প্রায়ই তার মায়ের কাছে এই বিষয়টি নিয়ে আফসোস করতেন। তখন তার মা তাকে বলেছিলেন, “হয়তো তুমি যে পথে আছো, সেটাই তোমার চর্চার জায়গা। তাই জীবনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।”

নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া বলেন, “আমি এখন পর্যন্ত প্রায় ২৩টি সিনেমা করেছি। গান করেছি ৭ থেকে ৮টি। দেশ-বিদেশ মিলিয়ে ৫০০-এরও বেশি শো করেছি। কিন্তু এখনো যখন মঞ্চে উঠি বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক আগের মতোই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটা আমার প্রথম টেক, আর এটাই শেষ সুযোগ।”

তার ভাষায়, বিনোদন জগত বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবতা ততটা সহজ নয়। “আমরা যে জায়গায় কাজ করি, সেখানে সবসময় নিজেকে সেরা রাখতে হয়—চেহারা, কথা, পারফরম্যান্স সবকিছুতেই। প্রতিদিনই এটা একটা বড় চ্যালেঞ্জ।”

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “একদিন একটু ওজন বাড়লে মানুষ বলবে আমি মোটা হয়ে গেছি। আবার কোনো ভুল কথা বললে সেটাও নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের জন্য সবসময়ই চাপ থাকে সেরা পারফরম্যান্স দেওয়ার।”

নুসরাত ফারিয়ার এই খোলামেলা বক্তব্যে তারকাজীবনের ভেতরের কঠিন বাস্তবতা ও নিরব সংগ্রামের চিত্রই উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *