স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী নয়, একক প্রার্থী দেবে বিএনপি: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন—সব পর্যায়ে বিএনপি একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, একই উপজেলা, পৌরসভা বা ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ দুলু বলেন, যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। যেসব ত্যাগী নেতা মনোনয়ন পাবেন না, তাদের যোগ্যতা ও অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে। কোনো ত্যাগী নেতাকেই বঞ্চিত করা হবে না।আগামী নির্বাচনে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক পার্থক্য বুঝতে হবে। জামায়াতে ইসলামী তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, বিএনপি প্রার্থীদের বাড়ির নারী ভোটারদের জামায়াত নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই বিএনপির নেতাকর্মীদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে।জাতীয় সংসদের এই হুইপ আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলেও দাবি করেন তিনি।দুলু বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের মানুষ যাতে এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে জন্য পূর্ববর্তী সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি।এর আগে সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *