মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিখোঁজের পাঁচ দিন পার হলেও ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
নিখোঁজ রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী। তিনি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রুপা আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে তার বাবা ফেরদাউস মোল্লা ওই দিন রাতে ডাসার থানায় সাধারণ ডায়েরি করেন।
রুপার স্বামী আশিক মাতুব্বর জানান, রুপা আক্তার স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ কারণে রুপার বাবা থানায় জিডি করেছেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।