হয়রানি ও অতিরিক্ত অর্থ ছাড়াই ভবন নির্মাণের নকশা অনুমোদন দিচ্ছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান উদবাতুল বারী আবু

মোঃ আনজার শাহ

নাগরিকসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ভবন নির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়ায় হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই সেবাপ্রত্যাশীদের আন্তরিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ভবন নির্মাণের অনুমোদিত নকশা হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, ‘আমরা চেষ্টা করেছি, আমাদের কাছে যাঁরা সেবা নিতে আসছেন, তাঁরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে কাজ করছি। কোনো ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা ছাড়াই স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান আমাদের অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আজ অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রথম সভায় ১১টি ভবন নির্মাণের নকশা অনুমোদনপত্র হস্তান্তর করতে পেরেছি। যাঁরা ইতোমধ্যে অনুমোদিত নকশা হাতে পেয়েছেন, তাঁদের সঙ্গে কথা বললেই বিষয়টি জানা যাবে। কেউ কোনো ধরনের হয়রানির শিকার হননি এবং সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হয়নি।’
তিনি বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত নাগরিকসেবা পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে সেবাপ্রত্যাশীদের সহযোগিতা এবং দায়িত্বশীল কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং অনুমোদনের শর্ত লঙ্ঘন করে অবকাঠামো নির্মাণের বিষয়টি নগর পরিকল্পনার ক্ষেত্রে নতুন করে আলোচনায় এসেছে। অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ নগরের পরিকল্পিত বিকাশ, নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এমন বাস্তবতায় ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, নির্মাণকাজের যথাযথ তদারকি এবং নিয়মবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সচেতন মহল।

নাগরিকসেবায় স্বচ্ছতা, অনিয়ম প্রতিরোধ এবং পরিকল্পিত নগরায়ণের সমন্বয়ে কুমিল্লাকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *