হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন, নোংরা ড্রেন দেখে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা ড্রেন ও হাসপাতাল চত্বরে জমে থাকা পানি দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব চিত্র দেখতে পান। পরে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিরাঙ্গন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় কমপ্লেক্সের কয়েকটি ড্রেনে ময়লা-আবর্জনা ও পানি জমে থাকতে দেখা যায়। দীর্ঘদিন পানি আটকে থাকায় স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি জমে থাকা পানিতে এডিসসহ বিভিন্ন ধরনের মশার লার্ভা জন্মানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা রোগী ও স্বজনদের জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

হাসপাতালের এমন অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি দ্রুত ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেন।

পরিদর্শনের একপর্যায়ে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সরোয়ার আলমগীর। এ সময় তারা চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নানা অভিযোগ ও ভোগান্তির কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

পরে হাসপাতালের মিলনায়তনে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল ইসলাম, ডা. এস এম সাইদুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *