কালিয়ায় দি পাটনা একাডেমির এডহক কমিটির সভাপতি প্রাক্তন ছাত্র খান সুমন রানা

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া উপজেলার অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি পাটনা একাডেমির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়েরই কৃতী প্রাক্তন ছাত্র খান সুমন রানা। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী সম্প্রতি তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, দি পাটনা একাডেমির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কাছে এডহক কমিটি গঠনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও. নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দি পাটনা একাডেমির চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে খান সুমন রানা, সাধারণ শিক্ষক সদস্য মো. লস্কর ওবায়দুল রহমান, অভিভাবক সদস্য গাজী সাজ্জাদুল হক এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশের নাম অনুমোদন দেওয়া হয়। শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ সময় পার করা নিজ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে খান সুমন রানা বলেন, “এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমার আবেগ, ভালোবাসা, স্মৃতি ও শিকড়ের সঙ্গে জড়িত। এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ।”

তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে। তিনি আরও বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করব।” এ ছাড়া নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তাঁর এই নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এদিকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত সুমন খান বিদ্যালয়ের একজন গর্বিত সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসায় বিদ্যালয়টি নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং ঐতিহ্যের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হবে। উল্লেখ্য, নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্যতম প্রাচীন, সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি পাটনা একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার মান, কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ সুনাম অর্জন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *