স্টাফ রিপোর্টার:
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বললেও তিনি চাইলে এর আগেই দেশে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমানমন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। তার অভিযোগ, সেই সময়ের লুটপাটের অর্থ এখন আর ভোগ করতে পারছে না সংশ্লিষ্টরা। তিনি বলেন, মাঝে মাঝে শোনা যায়, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হচ্ছে। তার মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং যারা ওই সময়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বর্তমানে আত্মগোপনে রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ তৈরি করা হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, ‘আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ওপর ‘মানবতাবিরোধী অমানবিক আচরণ’ করার অভিযোগ রয়েছে। তার দাবি, এসব অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং সেই বিচারের জন্য তারা অপেক্ষা করছেন।
বিমানমন্ত্রী বলেন, ‘আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটপাটের অভিযোগগুলোর বিচার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে করতে চায় সরকার। জনগণের অধিকার ও জনগণের অর্থ লুটের বিষয়গুলোরও আইনি সমাধান করা হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।