আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা ও রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। পেশোয়ারে এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের কথা স্মরণ করিয়ে বর্তমান সামরিক নেতৃত্বকে সতর্ক করেন।
ফজলুর রহমান বলেন, নিজেদের যতই শক্তিশালী মনে করা হোক না কেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয় ও আত্মসমর্পণের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে তৎকালীন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বললেও পরদিনই পাকিস্তানি সেনাবাহিনী অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছিল।
বর্তমান সামরিক নেতৃত্বের উদ্দেশে ফজলুর রহমান বলেন, সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের সাধারণ মানুষ যখন নানা সংকটে দিন কাটাচ্ছে, তখন সেনাবাহিনী কীভাবে তাদের দুর্ভোগের প্রতি উদাসীন থাকতে পারে—এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে অহেতুক সংঘাত ও অত্যাচারের কারণে পাকিস্তানে রক্তপাত চলছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির ভৌগোলিক অখণ্ডতাও হুমকির মুখে পড়তে পারে।
সেনাপ্রধান ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফজলুর রহমান বলেন, রাজনীতি করার ইচ্ছা থাকলে সামরিক পোশাক খুলে নির্বাচনে আসুন। তখনই বোঝা যাবে, দেশের মানুষ তাদের কতটা সমর্থন ও ভোট দেয়।